এতিমখানার ইলিশ ভাগাভাগি করে বাড়িতে নিয়ে গেল শিক্ষক, অতঃপর...

পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণের জন্য বরাদ্দ করা ইলিশসহ অন্যান্য মাছ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মাছ বিতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ ওঠে, বরাদ্দের মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না রেখে ব্যক্তিগতভাবে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জানান, প্রতিষ্ঠানটি আবাসিক নয়। বিতরণের জন্য পাওয়া মাছের একটি অংশ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগ করে নেওয়ার কথাও জানান তিনি।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মাছের অংশ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








