Logo

গাইবান্ধায় মাঝনদে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
১ নভেম্বর, ২০২৬, ১৫:০৮
গাইবান্ধায় মাঝনদে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকার পাটাতনে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে নৌকাতেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের এক প্রসূতির নিজ বাড়িতে প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। এ সময় জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে তাকে কাঁধে করে বালুচর পেরিয়ে কালুরপাড়া ঘাটে নিয়ে যান স্বজনরা। তবে ঘাটে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে কোনো নৌকা না পাওয়ায় তারা বিপাকে পড়েন।

ঠিক ওই সময় সেখানে উপস্থিত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের একটি দল তাদের সহায়তায় এগিয়ে যায়। সংস্থাটির একটি নৌকায় করে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিয়ে সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ দৌলা জানান, একটি প্রকল্পের সার্ভে কার্যক্রম শেষে তারা নৌকায় করে গাইবান্ধায় ফিরছিলেন। এ সময় প্রসূতির স্বজনরা তাদের কাছে হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা চান। প্রসূতির অবস্থা আশংকাজনক মনে হওয়ায় তারা তাকে নৌকায় তুলে নেন।

নৌকায় ওঠার পরই প্রসূতির প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। এ সময় সংস্থাটির নারী সহকর্মী ও প্রসূতির স্বজনরা নৌকার চারপাশে কাপড় দিয়ে আড়াল তৈরি করে তাকে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

রোকন উদ দৌলা বলেন, ফুলছড়ি ঘাটের উদ্দেশে চলা প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনেই ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম হয়। মুহূর্তেই নৌকায় থাকা সবার উদ্বেগ-উৎকণ্ঠা আনন্দ ও স্বস্তিতে রূপ নেয়।

তিনি আরও জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

দুর্গম চরাঞ্চলে দায়িত্ব পালনের সময় এমন একটি মানবিক ঘটনার অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মীরা। এদিকে নদীর বুকে জন্ম নেওয়া নতুন অতিথিকে ঘিরে এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। মা ও শিশুর সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষীরা তাঁদের প্রতি ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD