Logo

বাবার তবলা বাজানো দেখে আগ্রহ, আড়াই বছরেই রেকর্ড গড়ল স্বরশ্রী

profile picture
বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬, ১৫:৫৫
বাবার তবলা বাজানো দেখে আগ্রহ, আড়াই বছরেই রেকর্ড গড়ল স্বরশ্রী
ছবি: সংগৃহীত

যে বয়সে বেশির ভাগ শিশু ঠিকমতো বাক্য গুছিয়ে কথা বলতে শেখে, সেই বয়সেই তবলার ছন্দে বিস্ময় জাগিয়েছে ভারতের কর্ণাটকের ছোট্ট স্বরশ্রী হেগড়ে। মাত্র ২ বছর ১০ মাস বয়সে তবলার ১২টি তাল মুখে আবৃত্তি করার পাশাপাশি বাজিয়েও ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছে সে। শিশুটির এমন প্রতিভা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) স্বরশ্রীর তবলা পরিবেশনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিভিন্ন বয়সী মানুষ তার প্রশংসা ও শুভকামনা জানাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বরশ্রীর বাড়ি কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার হননাভর এলাকায়। তবলার ১২টি তাল মুখে আবৃত্তি করার পাশাপাশি একই সঙ্গে সেগুলো বাজাতে পারার কৃতিত্বে জায়গা হয়েছে তার রেকর্ড বইয়ে।

সাধারণত তবলার তাল আয়ত্ত করতে দীর্ঘদিনের অনুশীলন, ধৈর্য ও মনোযোগ প্রয়োজন। সেখানে তিন বছর পূর্ণ হওয়ার আগেই এমন দক্ষতা দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে স্বরশ্রী।

বিজ্ঞাপন

ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীতের ছন্দ ও গতির কাঠামো তৈরি হয় তালের মাধ্যমে। প্রতিটি তালের নির্দিষ্ট মাত্রা, বিভাজন ও পুনরাবৃত্তির ধরন থাকে। একটি তালচক্রের শুরুতে ফিরে আসার বিশেষ মুহূর্তকে বলা হয় ‘সম’।

একটি তাল আয়ত্ত করতেও ছন্দবোধ, স্মৃতিশক্তি ও মনোযোগ প্রয়োজন। সেখানে ১২টি তাল মুখে বলা এবং তবলায় বাজানো নিঃসন্দেহে কঠিন। বিশেষ করে তিন বছরও পূর্ণ না হওয়া শিশুর এমন পারদর্শিতা ব্যতিক্রমী।

স্বরশ্রীর ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, ‘উত্তর কন্নড়ের (কারওয়ার) জন্য গর্বের মুহূর্ত। মাত্র দুই বছর বয়সী একটি মেয়ে অবিশ্বাস্য প্রতিভার পরিচয় দিয়েছে।’

বিজ্ঞাপন

আরেকজন মন্তব্য করেছেন, ‘মা সরস্বতী ছোট্ট দেবদূতটিকে আশীর্বাদ করেছেন!’ অন্য এক ব্যবহারকারী শিশুটির নামের সঙ্গে তার প্রতিভার মিল খুঁজে লিখেছেন, ‘প্রতিভাবান শিশু। অবাক হচ্ছি, তার বাবা-মা কীভাবে আগেই বুঝতে পেরেছিলেন যে এই নামটি তার জন্য এতটা মানানসই হবে!’

স্বরশ্রীর বাবা গুরুরাজ হেগড়ে আদুকালা একজন তবলা বাদক। তিনি ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে তবলা শেখান। মা শ্রিলতা হেগড়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হওয়ার পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিল্পী।

স্বামী-স্ত্রী মিলে হননাভরে একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। সেখানেই বাবার কাছে শিক্ষার্থীদের তবলা শেখার দৃশ্য দেখে বাদ্যযন্ত্রটির প্রতি আকৃষ্ট হয় স্বরশ্রী। সময়ের সঙ্গে তবলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে।

বিজ্ঞাপন

মেয়ের আগ্রহ বুঝতে পেরে বাবা-মা তার জন্য বিশেষভাবে দুটি ছোট আকারের তবলা তৈরি করান। এতে নিজের মতো করে তবলা বাজানোর সুযোগ পায় স্বরশ্রী। ছোট্ট কৌতূহল থেকে শুরু হয় তার সংগীতচর্চা। ধীরে ধীরে ভালোবাসা ও অনুশীলনে তৈরি হয় দক্ষতা।

মাত্র ২ বছর ১০ মাস বয়সে ১২টি তাল বাজানোর পাশাপাশি সেগুলো মুখে আবৃত্তি করে রেকর্ড গড়েছে স্বরশ্রী। তার এই সাফল্যে আনন্দিত পরিবার ও স্থানীয়রা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD