Logo

হ্যাঁ, প্রেম করছি, তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই: জাহ্নবী

profile picture
বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১৪:০০
হ্যাঁ, প্রেম করছি, তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই: জাহ্নবী
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বিভিন্ন সময় প্রকাশ্যে দেখা গেলেও সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি অভিনেত্রী। এবার জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ এসে প্রেমের কথা সরাসরি স্বীকার করেছেন তিনি। তবে বিয়ের জন্য এখনই প্রস্তুত নন বলে জানিয়েছেন জাহ্নবী।

বিজ্ঞাপন

করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জাহ্নবী জানান, শিখর পাহাড়িয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। শিখরের সঙ্গে প্রেম করছেন কি না, করণের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, করছি।’

সম্পর্কের কথা স্বীকার করলেও ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা করতে আগ্রহী নন জাহ্নবী। তবে সবকিছু গোপন রাখার জন্য অহেতুক লুকোচুরিও পছন্দ করেন না তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, আবার সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করারও কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বিরক্তিকর।’

বিজ্ঞাপন

শিখর পাহাড়িয়ার প্রতি জাহ্নবীর ভালোবাসা ও আস্থার পেছনে রয়েছে কঠিন সময়ে পাশে থাকার স্মৃতি। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর সময় শিখর যেভাবে জাহ্নবীর পাশে দাঁড়িয়েছিলেন, তা এখনো মনে রেখেছেন অভিনেত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিখরের প্রশংসা করে জাহ্নবী বলেন, ‘আমার মায়ের (শ্রীদেবী) মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিল। সেই সময় এক সেমিস্টার পরিক্ষাও দিতে পারেনি সে। আমার কাছাকাছি থাকার জন্য এক বন্ধুর বাড়িতে উঠেছিল। যেন আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’

জাহ্নবীর এই বক্তব্য থেকে স্পষ্ট, জীবনের কঠিন সময়ে শিখরের সমর্থন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।

বিজ্ঞাপন

প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেও বিয়ে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না জাহ্নবী কাপুর। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’ অর্থাৎ, সম্পর্ক নিয়ে দুজনই সন্তুষ্ট থাকলেও আপাতত বিয়ের পরিবর্তে নিজেদের মতো করে সময় কাটাতে চান তারা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর। সর্বশেষ তাকে দেখা গেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে। রাম চরণের সঙ্গে অভিনীত সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। ছবিতে জাহ্নবীর উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে। বিশেষ করে তাকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপনের বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়।

বিজ্ঞাপন

বর্তমানে অভিনেত্রীর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’ এবং নাম চূড়ান্ত না হওয়া আরও একটি সিনেমা। নতুন এসব কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউডের এই অভিনেত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD