তৌসিফের জন্মদিনে স্মৃতিকাতর স্পর্শিয়া, শেয়ার করলেন কৈশোরের ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার শুভেচ্ছাবার্তাটি যেন একটু আলাদা। দীর্ঘদিনের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি শেয়ার করেছেন এমন কিছু ছবি, যেখানে দুজনকে চেনাই দায়!
বিজ্ঞাপন
তৌসিফ ও স্পর্শিয়ার বন্ধুত্বের কথা দর্শক-ভক্তদের অজানা নয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। আলাদাভাবে দুজনেই শোবিজে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তবে সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্বে যে ভাটা পড়েনি, জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সেটিই তুলে ধরেছেন স্পর্শিয়া।
তৌসিফকে উদ্দেশ করে স্পর্শিয়া লিখেছেন, ‘২০০৯ সাল থেকে—কৈশোরের দিনগুলো পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, এই দীর্ঘ যাত্রায় তুমি আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছ। তোমার সাফল্যে আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের সাফল্যে হই; শুধু পেশাগত অর্জনের জন্যই নয়, বরং নিজ নিজ জীবনে ব্যক্তিগত নানা লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও।’
দীর্ঘ পথচলায় তাঁদের বন্ধুত্ব অটুট থাকার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত কিছুর পরও আমাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন কখনো ম্লান হয়নি। প্রার্থনা করি, কখনো যেন না হয়। সৃষ্টিকর্তা তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দান করুন! শুভ জন্মদিন তৌসিফ মাহবুব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জন্মদিনের পোস্টে মোট পাঁচটি ছবি যুক্ত করেছেন স্পর্শিয়া। এর মধ্যে তিনটি পুরোনো এবং দুটি সাম্প্রতিক সময়ের। পুরোনো ছবিগুলোর দুটি তাঁদের কৈশোরের বন্ধুত্বের সময়কার। ছবিতে দুজনের চেহারায় তখনকার তারুণ্যের ছাপ স্পষ্ট। সময়ের সঙ্গে তাঁদের চেহারা ও সাজপোশাকে এসেছে পরিণতিও।
প্রসঙ্গত, তৌসিফ মাহবুবের জন্ম ভোলায়, তবে বেড়ে উঠেছেন ঢাকায়। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু তাঁর। ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন ছোট পর্দায়। বর্তমানে নাটকের প্রথম সারির তারকাদের একজন তৌসিফ।








