গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন তিনি। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনো গুলির ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তদন্তে কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িটিতেও অন্য কেউ অবস্থান করছিলেন না।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও গুলিতে গাড়ির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে একই অটোরিকশায় মালিবাগের দিকে পালিয়ে যান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। হামলাকারীকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।








