সন্তানদের নিয়ে জন্মদিনের প্রথম প্রহর কাটালেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। প্রতিবছরই নানা আয়োজনে নিজের বিশেষ দিনটি উদযাপন করে আলোচনায় আসেন তিনি। তবে এবারের জন্মদিনের শুরুটা হয়েছে একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই সন্তানকে পাশে নিয়েই জীবনের বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করেছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলামেলা গাউন পরে আনন্দঘন পরিবেশে কেক কাটছেন পরীমনি। এ সময় তাঁর পাশে ছিল ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। জন্মদিনের কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে দুই সন্তান মাকে ভালোবাসা ও চুমুতে ভরিয়ে দেয়। সন্তানদের এমন ভালোবাসায় জন্মদিনের আয়োজনটি হয়ে ওঠে আরও আবেগময়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলেছেন এই অভিনেত্রী। তবে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই তাঁর জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। জন্মদিনের প্রথম প্রহরে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোতেও সেই পারিবারিক বন্ধনের ছবি ফুটে উঠেছে।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ লেখাটির সঙ্গে তিনি লাল হৃদয় ও ফুলের ইমোজি যুক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর সুখী ও সুন্দর জীবন কামনা করেছেন।
এর আগে ঢাকাই শোবিজের এই তারকা দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। তবে এবার বড় আয়োজনের পরিবর্তে সন্তানদের সঙ্গেই বিশেষ দিনটির সূচনা করেছেন তিনি। দুই সন্তানের স্নেহ, ভালোবাসা আর পারিবারিক আবহে কাটানো এই মুহূর্তগুলোই হয়ে উঠেছে তাঁর এবারের জন্মদিনের বিশেষ আকর্ষণ।








