‘এলিয়েন’ ও ‘টপ গান’খ্যাত হলিউড অভিনেতা টম স্কেয়ারিট আর নেই

হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম স্কেয়ারিট মারা গেছেন। ‘এলিয়েন’, ‘টপ গান’ ও ‘এ রিভার রানস থ্রু ইট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
টেলিভিশন সিরিজ ‘পিকেট ফেন্স’-এ অভিনয়ের মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন টম। ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে বড়পর্দা ও ছোটপর্দায় নানা ধরনের চরিত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
টমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য সারা বিশ্বে পরিচিত হলেও পরিবারের কাছে তার পরিচয় ছিল আরও গভীর। পরিবারের ভাষায়, “সারা বিশ্ব টমকে তার অসাধারণ অভিনয় জীবনের জন্য চিনলেও, আমরা তাকে চিনতাম তার রসবোধ, উদার মানসিকতা এবং আমাদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবার আরও জানায়, টমের গল্প মানুষের ক্ষত সারিয়ে তুলতে, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। এই বিশ্বাস ও তার অবদানের জন্য তাকে আজীবন স্মরণ করা হবে।
১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন টম স্কেয়ারিট। অভিনয়ে আসার আগে তিনি মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন। ১৯৬২ সালে রবার্ট রেডফোর্ডের সঙ্গে ‘ওয়ার হান্ট’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ বিরতির পর ১৯৯২ সালে রেডফোর্ড পরিচালিত ‘এ রিভার রানস থ্রু ইট’ সিনেমায় আবারও তার সঙ্গে কাজ করেন টম। ছবিটিতে অভিনয় করেছিলেন ব্র্যাড পিটও।
বিজ্ঞাপন
১৯৭০ সালে মুক্তি পাওয়া কোরিয়ান যুদ্ধভিত্তিক কমেডি সিনেমা ‘ম্যাশ’ টমের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মার্কিন সেনা সার্জন ডিউক ফরেস্ট চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে ডোনাল্ড সাদারল্যান্ড, এলিয়ট গোল্ড ও স্যালি কেলারম্যানও অভিনয় করেছিলেন। ছবিটি পাঁচটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। পরে সিনেমাটি অবলম্বনে নির্মিত হয় টেলিভিশন সিরিজ।
১৯৭৯ সালের সায়েন্স ফিকশন ও হরর সিনেমা ‘এলিয়েন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আরও পরিচিতি পান টম। সিগোর্নি উইভারের সঙ্গে অভিনীত ছবিটি বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য অর্জন করে এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পায়।
১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’ সিনেমায় কমান্ডার মাইক ‘ভাইপার’ মেটকাফ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন টম ক্রুজ। এ ছাড়া ১৯৭৭ সালের ‘দ্য টার্নিং পয়েন্ট’-এ শার্লি ম্যাকলেইনের সঙ্গে এবং ১৯৮৯ সালের ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এ স্যালি ফিল্ডের স্বামীর চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও সফল ছিলেন টম স্কেয়ারিট। ‘দ্য ওয়েস্ট উইং’, ‘ম্যাডাম সেক্রেটারি’, ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ ও ‘পিকেট ফেন্স’-এর মতো সিরিজে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘পিকেট ফেন্স’-এ তার অভিনয় প্রশংসিত হয়।
বিজ্ঞাপন
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ধারাবাহিকে উইলিয়াম ওয়াকার চরিত্রে অভিনয় করেন টম। এই সিরিজে স্যালি ফিল্ডের সঙ্গে আবারও পর্দা ভাগাভাগি করেন তিনি।
অভিনয়ের বাইরেও চলচ্চিত্রশিল্পে নতুন প্রজন্মের নির্মাতা ও গল্পকারদের এগিয়ে নেওয়ার উদ্যোগে যুক্ত ছিলেন টম। তিনি ‘দ্য ফিল্ম স্কুল’-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘ অভিনয়জীবন, বৈচিত্র্যময় চরিত্র এবং চলচ্চিত্রশিল্পে অবদানের মধ্য দিয়ে দর্শকদের স্মৃতিতে জায়গা করে থাকবেন এই হলিউড তারকা।








