হলিউড অভিনেতা টিমোথির বিরুদ্ধে শিশু নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত। অভিযোগপক্ষের আইনজীবীদের দায়িত্ব পালনে অনিয়মের কথা উল্লেখ করে শুক্রবার (১৬ অক্টোবর) এ রায় দেন নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। তবে চাইলে তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
৬৯ বছর বয়সী বাসফিল্ডের বিরুদ্ধে যমজ দুই শিশুকে অনুচিতভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। নিউ মেক্সিকোর দ্বিতীয় বিচার বিভাগীয় অ্যাটর্নি কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।
অভিযোগপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ক্লিনিং লেডি’র শুটিং চলাকালে দুই শিশুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হয়। সে সময় শিশু দুটির বয়স ছিল সাত ও আট বছর। প্রায় দুই বছর ধরে শুটিংয়ের বিরতির সময় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল। বর্তমানে ওই যমজ শিশুর বয়স ১১ বছর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের ফেব্রুয়ারিতে চারটি অভিযোগে গঠিত একটি অভিযোগপত্রের ভিত্তিতে বাসফিল্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে একটি শিশুকে যৌনভাবে স্পর্শ করার অভিযোগও ছিল। তবে বাসফিল্ড অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেন। তার আইনজীবীরা মামলাটি খারিজ করার আবেদন জানান।
বিজ্ঞাপন
শুক্রবারের (১৬ অক্টোবর) রায়ে বিচারক জোসেফ মনতানো বলেন, অতিরিক্ত সাক্ষী হাজির করার বিষয়ে কীভাবে অনুরোধ জানাতে হবে, সে সম্পর্কে অভিযোগপক্ষের আইনজীবী বিচারকদের সঠিক নির্দেশনা দেননি। বিশেষ করে, কোনো সাক্ষীকে হাজির করার অনুরোধে অন্তত আটজন বিচারকের সম্মতি প্রয়োজন বলে তিনি ভুল তথ্য দিয়েছিলেন।
বিচারক আরও বলেন, অভিযোগপক্ষের আইনজীবীর এই আচরণ ন্যায়সংগত ও নিরপেক্ষ ছিল না। এর ফলে বিচারকদের অনুরোধ করা সাক্ষীদের হাজির করার সুযোগ কার্যত এককভাবে আটকে দেওয়া হয়েছিল।
টিমোথি বাসফিল্ড ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকে হোয়াইট হাউসের একজন সংবাদদাতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ‘থার্টিসামথিং’ ধারাবাহিকে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবেও অভিনয় করেছেন তিনি। এছাড়া কেভিন কস্টনার অভিনীত ‘ফিল্ড অব ড্রিমস’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








