Logo

হাবিবের জন্মদিনে ইমরানের আবেগঘন শুভেচ্ছা, বললেন সত্যিকারের কিংবদন্তি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৫:৩৮
হাবিবের জন্মদিনে ইমরানের আবেগঘন শুভেচ্ছা, বললেন সত্যিকারের কিংবদন্তি
ছবি: সংগৃহীত

বাংলা সংগীতে নতুন ধারার সূচনা করে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পশ্চিমা আধুনিক ও ইলেকট্রনিক সংগীতের সঙ্গে বাংলা সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি তৈরি করেছেন নিজস্ব সংগীতধারা। তাঁর সেই পথ অনুসরণ করে অনুপ্রাণিত হয়েছেন পরবর্তী প্রজন্মের অনেক শিল্পী। এই জনপ্রিয় সংগীত তারকার জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তাঁকে ‘সত্যিকারের কিংবদন্তি’ বলে অভিহিত করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

বিজ্ঞাপন

হাবিবের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। সেই তালিকায় রয়েছেন ইমরানও। হাবিবকে নিজের ‘বস’ হিসেবে সম্বোধন করা এই শিল্পী তাঁকে গুরুতুল্য অনুপ্রেরণা হিসেবে দেখেন।

জন্মদিনে হাবিবের সঙ্গে তোলা চারটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিশেষ বার্তা দিয়েছেন ইমরান। সেখানে তিনি হাবিবের সংগীতজীবন, স্বতন্ত্র সুরের ধরন এবং দীর্ঘদিন ধরে শ্রোতাদের অনুপ্রাণিত করার বিষয়টি তুলে ধরেন।

ইমরান লেখেন, ‘শুভ জন্মদিন বস। একজন সত্যিকারের কিংবদন্তি, একজন আইকনিক সংগীতশিল্পী এবং এমন একজন বস, যিনি তার অনন্য সাউন্ড ও কালজয়ী সংগীত দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’

বিজ্ঞাপন

প্রিয় এই সংগীতশিল্পীর সুস্বাস্থ্য, সুখ ও সংগীতজগতে আরও দীর্ঘ সাফল্য কামনা করে ইমরান আরও লেখেন, ‘অনুপ্রেরণা জোগাতে থাকুন, আলো ছড়াতে থাকুন এবং সংগীতজগতে রাজত্ব করতে থাকুন, বস।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুভেচ্ছাবার্তার শেষাংশে হাবিবের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও প্রকাশ করেন তিনি। ইমরান লেখেন, ‘সব সময় আপনার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’

বাংলা সংগীতে হাবিব ও ইমরানের সম্পর্ক কেবল পারস্পরিক শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাঁদের মধ্যে রয়েছে পেশাগত সহযোগিতাও। ইমরানের সুরে একাধিক গান গেয়েছেন হাবিব। ২০২৩ সালে প্রকাশিত হয় তাঁদের ‘বোকা মন’ শিরোনামের গান। এরপর ২০২৫ সালে ইমরানের সুরে হাবিব ও ন্যানসি কণ্ঠ দেন ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানে। গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বিজ্ঞাপন

হাবিবের জন্মদিনে ইমরানের এই শুভেচ্ছাবার্তা দুই শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা ও সংগীতের বন্ধনকে আবারও সামনে নিয়ে এসেছে। বাংলা গানে হাবিবের স্বতন্ত্র অবদান এবং নতুন প্রজন্মের শিল্পীদের ওপর তাঁর প্রভাবও ভক্তদের আলোচনায় উঠে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD