Logo

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:৩৫
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে গুলির সময় গাড়িতে না থাকায় নিরাপদে রয়েছেন এই সংগীতশিল্পী।

বিজ্ঞাপন

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। স্বামী নিরাপদে থাকায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমীন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টারের সামনে পার্কিং করা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগের সৃষ্টি হলেও এ বিষয়ে এখন পর্যন্ত আসিফ আকবরের নিজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD