Logo

ফুটপাতে পার্কিং করা ছিল গাড়ি, সিএনজিতে এসে গুলি করে দুর্বৃত্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:১৭
ফুটপাতে পার্কিং করা ছিল গাড়ি, সিএনজিতে এসে গুলি করে দুর্বৃত্ত
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে সংঘটিত এ ঘটনায় গাড়ির ভেতর থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে হাতিরঝিল থানার আওতাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সেখানে ফুটপাতের পাশে পার্কিং করা ছিল আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়ি।

প্রাথমিক তথ্যানুযায়ী, সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পরে পার্কিংয়ে থাকা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে আলামতটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। ফলে গুলির ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না।

বিজ্ঞাপন

এ ঘটনায় কারও সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বিরোধ কিংবা পেশাগত কোনো দ্বন্দ্বের যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, “আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশাল সেন্টারের নিচে ফুটপাতে আসিফ আকবরের গাড়িটি পার্কিং করা ছিল। এ সময় তিনি তার অফিসে অবস্থান করছিলেন। এই ঘটনায় আমরা গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং আসিফ আকবর নিজেও কোনো কিছুই বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।”

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে গুলি ছোড়ার উদ্দেশ্য এবং ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD