পূবাইলে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় অভিযোগকারী ৩২ বছর বয়সী নারীর পরিচয় গোপন রাখতে ছদ্মনাম সুইটি আক্তার ব্যবহার করা হয়েছে। তিনি পূবাইলের তালটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
এজাহার অনুযায়ী, সুইটি আক্তারের সঙ্গে মুন্নার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুন্না ওই বাসায় স্বামী পরিচয়ে বসবাস করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করেন ওই নারী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এজাহারে আরও বলা হয়, সুইটি একাধিকবার বিয়ের বিষয়ে কথা বললেও মুন্না বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। এমনকি অন্য এক ব্যক্তির সঙ্গে সুইটির বিয়ের দিনক্ষণ নির্ধারিত হওয়ার পর মুন্না সেই বিয়ে ভেঙে দেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ মার্চ ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে মুন্না তালটিয়ায় সুইটির ভাড়া বাসায় গিয়ে ১০ মার্চ বিয়ে করার আশ্বাস দেন। ওই দিনও তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না হওয়ায় সুইটি মুন্নার সঙ্গে শারীরিক সম্পর্ক বন্ধ করে দেন। এরপর তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জনবানীকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।








