Logo

ছয় বছরের অপেক্ষার অবসান, চাচা-ভাতিজার দুই গাছে নাইট কুইন

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়া, নাটোর
৩ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
ছয় বছরের অপেক্ষার অবসান, চাচা-ভাতিজার দুই গাছে নাইট কুইন
ছবি: সংগৃহীত

রাতের নিস্তব্ধতা ভেঙে সুগন্ধ ও সৌন্দর্যে মুগ্ধতা ছড়িয়েছে নাইট কুইন। দীর্ঘ ছয় বছর পর নাটোরের বাগাতিপাড়ায় একই রাতে চাচা ও ভাতিজার বাড়ির দুটি গাছে ফুটেছে বিরল এই ফুল। ক্ষণস্থায়ী সৌন্দর্যের এই দৃশ্য দেখতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি ছুটে আসেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে তোলেন ছবি।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে বাগাতিপাড়া পৌরসভার নওশেরা মহল্লায় সাংবাদিক আল-আফতাব খান সুইট (৪৬) এবং তাঁর চাচা ব্যবসায়ী আলাউল আলম খান লাবলুর (৬৩) বাড়িতে দেখা যায় এই মনোমুগ্ধকর দৃশ্য।

জানা গেছে, প্রায় ২১ বছর আগে নিজের বাড়িতে নাইট কুইন গাছটি লাগিয়েছিলেন আল-আফতাব খান সুইট। রোপণের তিন বছর পর গাছটিতে কুঁড়ি এলেও তখন ফুল ফোটেনি। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা শেষে গাছটিতে প্রথমবার দুটি ফুল ফুটেছিল। এরপর কেটে যায় আরও ছয় বছর। এবার গাছটিতে আবার কুঁড়ি দেখা দেয়। প্রায় সাত দিন আগে কুঁড়ি আসার পর থেকেই ফুল ফোটার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, ছয় বছর আগে নিজের গাছের একটি পাতা থেকে চারা তৈরি করে চাচা আলাউল আলম খান লাবলুর বাড়িতে রোপণ করেছিলেন সুইট। সেই পাতার চারা থেকে বেড়ে ওঠা গাছটিতে এবারই প্রথম কুঁড়ি আসে। চাচা-ভাতিজার দুটি গাছে একই সময়ে কুঁড়ি দেখা দেওয়ায় দুই পরিবারে আনন্দের আবহ তৈরি হয়। অবশেষে সোমবার রাতে একই সময়ে দুটি গাছে একটি করে নাইট কুইন ফুল ফোটে।

বিজ্ঞাপন

নাইট কুইনের পাশাপাশি সুইটের বাড়ির ছোট বাগানে রয়েছে দেশি, থাই, ইরানি ও চায়না গোলাপ, রজনীগন্ধা, দোলনচাঁপা, শিউলি এবং হাসনাহেনাসহ নানা জাতের ফুলের গাছ। ফুলের প্রতি ভালোবাসা থেকেই তিনি গড়ে তুলেছেন এই বাগান। বাড়িতে প্রবেশের মুখেই সুগন্ধ ছড়ায় কামিনী ও বেলি ফুল।

সাংবাদিক আল-আফতাব খান সুইট বলেন, ২১ বছর আগে এক আত্মীয়ের বাড়ি থেকে নাইট কুইন গাছ এনে নিজের বাড়িতে লাগিয়েছিলেন। ১৫ বছর আগে একবার গাছটিতে দুটি ফুল ফুটেছিল। নাইট কুইনের প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। ছয় বছর আগে গাছটির একটি পাতা চাচার বাড়িতে রোপণ করেন। এবার দুই গাছেই একই সময়ে কুঁড়ি আসা ছিল তাঁর কাছে বিস্ময়কর। কুঁড়ি আসার প্রায় সাত দিন পর সোমবার রাতে একসঙ্গে দুটি ফুল ফুটতে দেখে পরিবারের সবাই আনন্দিত হন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ফুলের সৌন্দর্য উপভোগ করেন এবং ছবি তোলেন।

চাচা আলাউল আলম খান লাবলু বলেন, দুটি গাছে একই সময়ে কুঁড়ি আসায় তাঁরা আনন্দিত ছিলেন। ফুল কখন ফুটবে, তা দেখতে পরিবারের সবাই অপেক্ষা করছিলেন। অবশেষে একই রাতে ফুল দুটি ফুটেছে। খবর পেয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও ফুল দেখতে আসেন। বিরল এই দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

নওশেরা মহল্লার প্রতিবেশী সেহাগ বলেন, একই রাতে দুটি গাছে ফুল ফোটা আনন্দের বিষয়। নাইট কুইন সাধারণত অনেক বছর পর ফোটে এবং অল্প সময়ের মধ্যেই সৌন্দর্য হারায়। তাই এমন দৃশ্য দেখার সুযোগ খুব একটা হয় না। ফুল দুটি দেখতে পেরে তাঁরা আনন্দিত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. ভবসিন্ধু রায় বলেন, নাইট কুইন সাধারণত রাতে ফোটে এবং অল্প সময়ের মধ্যেই ঝরে যায় বা সৌন্দর্য হারায়। এ কারণে ফুলটির প্রতি মানুষের আগ্রহ বেশি। দীর্ঘ অপেক্ষার পর চাচা-ভাতিজার দুটি গাছে একই রাতে ফুল ফোটার ঘটনা বাগাতিপাড়ার নওশেরা মহল্লায় তৈরি করেছে আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD