Logo

মুড়ির প্যাকেট খুলতেই বিকট বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৩ নভেম্বর, ২০২৬, ১৪:২৫
মুড়ির প্যাকেট খুলতেই বিকট বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা
ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়ে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পর বসতঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেট দেখতে পান তিনি। প্যাকেটটিতে মুড়ি থাকায় সেটি কেউ ভুল করে রেখে গেছে বলে ধারণা করেন। এরপর প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিস্ফোরণে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রচণ্ড শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করেন। তাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD