সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রার্থীদের অবস্থান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন।
আন্দোলনকারীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলে নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন জেলার শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে তাদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর ভেরিফিকেশন-সংক্রান্ত সর্বশেষ তথ্যে প্রায় ১ হাজার ৫০০ প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু হয়নি।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে পাঁচ দফা দাবি জানায়। এর মধ্যে নিয়োগ থেকে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ্যে জানানো এবং যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি রয়েছে।
প্রার্থীরা জানান, চূড়ান্ত ফল প্রকাশের পর তারা নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে বিভিন্ন জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও অনেক প্রার্থী এখনো তা পাননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে অনুষ্ঠিত এ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
বিজ্ঞাপন
পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
চূড়ান্ত ফল প্রকাশের পর বিভিন্ন জেলায় নিয়োগপত্র বিতরণ শুরু হলেও যারা এখনো তা পাননি, তারা দ্রুত সমস্যার সমাধান ও নিয়োগপত্র দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।








