সাপ্লিমেন্টারিতে পাস করেও ১৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নতুন সুযোগ তৈরি করতে সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করেছে সরকার। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে একটি বছর বাঁচানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দেশের অন্তত ১৩টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগ হারাতে পারেন তারা।
বিজ্ঞাপন
এর প্রধান কারণ, এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই। ফলে পাস করেও অনেক শিক্ষার্থীর পক্ষে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব হবে না।
অবশ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটি গুচ্ছসহ অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো বা বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিষয়টি।
শিক্ষা বোর্ডগুলোর পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। অথচ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন নভেম্বর এবং ডিসেম্বরের প্রথমার্ধেই শেষ হচ্ছে। এ সময়ের ব্যবধানের কারণে নতুন করে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
যে ১৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন নিয়ে অনিশ্চয়তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শেষ হবে আগামী ২৫ নভেম্বর। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে কৃষিগুচ্ছের আওতাভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২ জানুয়ারি এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই এসব প্রতিষ্ঠানে আবেদনের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষিগুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞাপন
এসব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার কোনো ঘোষণা আসেনি।
৩২ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সম্ভাবনা
অন্যদিকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা থাকায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আশার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
বুয়েটে ১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি। বিইউপি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আবেদন চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর।
রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর অতিরিক্ত সাত দিন আবেদন করার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ও নতুন করে আবেদনের সুযোগ দিতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন আগামী জানুয়ারিতে শুরু করার বিষয়ে আলোচনা চলছে। নতুন চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ২৪টিতে দাঁড়াবে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভর্তি কার্যক্রমে সমন্বয় না থাকায় বাড়ছে বৈষম্যের আশঙ্কা
বিজ্ঞাপন
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে অকৃতকার্য শিক্ষার্থীদের সামনে দ্বিতীয়বার পাস করার সুযোগ তৈরি হলেও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সঙ্গে এর যথাযথ সমন্বয় নেই। ফলে একই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কেউ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ পাবেন, আবার কেউ সময়সীমার কারণে আবেদনই করতে পারবেন না।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি বছর বাঁচানোর উদ্দেশ্যে সম্পূরক পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হলেও ভর্তি নীতিমালায় প্রয়োজনীয় সমন্বয় না থাকলে এর সুফল অনেকেই পাবেন না। বিশেষ করে যেসব শিক্ষার্থীর ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে, তাদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের সময়সীমা পুনর্বিবেচনা করা জরুরি হয়ে উঠেছে।








