সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাড়ছে শিক্ষক সংকট, পদ শূন্য ১১৯৮০

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষা প্রশাসনের জনবল সংকট দিন দিন গুরুতর হয়ে উঠছে। বিদ্যালয় এবং উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনের ছয় ধরনের পদে মোট ২৭ হাজার ১০৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৫ হাজার ১২৮ জন। ফলে শূন্য পড়ে আছে ১১ হাজার ৯৮০টি পদ, যা মোট পদের প্রায় ৪৪ শতাংশ।
বিজ্ঞাপন
শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি সংকট সহকারী শিক্ষক পদে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ খালি থাকায় বিদ্যালয়গুলোর নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের ফলাফলেও। এমন পরিস্থিতিতে দ্রুত জনবল নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি চাঁদপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সভায় শিক্ষার্থীদের ফলাফলে প্রত্যাশিত উন্নতি না হওয়ার কারণ অনুসন্ধান করা হয়। পাশাপাশি শিক্ষার মান বাড়াতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিভিন্ন সুপারিশ করা হয়।
এসব সমস্যা ও সুপারিশ উল্লেখ করে গত ১৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠান চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বিজ্ঞাপন
সহকারী শিক্ষক পদেই সবচেয়ে বেশি শূন্যতা
পদভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মোট পদ ১৬ হাজার ৬৪১টি। এর মধ্যে ৬ হাজার ৪৮৮টি পদই বর্তমানে খালি রয়েছে। সিনিয়র শিক্ষকের ৮ হাজার ৭১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ৪ হাজার ১৪৪টি।
এছাড়া প্রধান শিক্ষকের ৭০২টি পদের মধ্যে ৩৭৯টি এবং সহকারী প্রধান শিক্ষকের ৭০২টি পদের মধ্যে ৫২৭টি পদে কোনো কর্মকর্তা কর্মরত নেই। অর্থাৎ প্রধান শিক্ষকের অর্ধেকের বেশি এবং সহকারী প্রধান শিক্ষকের প্রায় ৭৫ শতাংশ পদ শূন্য রয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনেও একই চিত্র দেখা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ৪৯৬টি পদের মধ্যে ১৩৫টি এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ৪৯৬টি পদের মধ্যে ৩০৭টি পদ খালি রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তার পদেও জনবল ঘাটতি রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
শূন্য পদ পূরণে নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব
জনবল সংকট নিরসনে চাঁদপুরের জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে দ্রুত শূন্য পদ পূরণের পাশাপাশি কয়েকটি সুপারিশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে প্রস্তুত করা তালিকা কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া সহকারী শিক্ষক এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা—উভয় পদ দশম গ্রেডের হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়নের সুযোগ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। এতে শিক্ষার মানোন্নয়ন ও প্রত্যাশিত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় শূন্য পদগুলো দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জাগো নিউজকে বলেন, ‘চাঁদপুর থেকে যে চিঠিটি এসেছে, সেটি সম্পর্কে অবগত। প্রকৃত অর্থেই শিক্ষক সংকট প্রকট। আমরা আগে থেকেই শিক্ষক সংকট কাটিয়ে উঠতে কাজ শুরু করেছি। আশা করি শিগগির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’








