বুয়েটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৮ জানুয়ারি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বুয়েটে মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৩০৫টি আসন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য চারটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
ভর্তির আবেদনে যেসব যোগ্যতা লাগবে
বুয়েটে আবেদন করতে হলে শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিনটি বিষয়ে আলাদাভাবে জিপিএ ৫.০০ অর্জন করতে হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া ২০২৩ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেসব শিক্ষার্থী ২০২৫ সালের ২ ডিসেম্বরের পর শিক্ষা বোর্ড থেকে সংশোধিত ফল পেয়েছেন, তারাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্যও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। ‘ও’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। অন্যদিকে ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মধ্যে দুটি বিষয়ে কমপক্ষে ‘এ’ গ্রেড এবং অন্য বিষয়ে ‘বি’ গ্রেড অর্জন করতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কারা
বিজ্ঞাপন
আবেদন করলেই সবাই সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১০ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাই করা হবে।
এ ক্ষেত্রে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত মোট নম্বরকে প্রধান বিবেচ্য হিসেবে ধরা হবে। প্রয়োজনে উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানের নম্বরও বিবেচনা করা হতে পারে। তবে দশ হাজারতম নির্বাচিত শিক্ষার্থীর সমান নম্বর পাওয়া অন্য আবেদনকারীরাও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইংরেজি মাধ্যমের যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০০ জনকে বাছাই করা হবে। তবে প্রয়োজনীয় যোগ্যতা পূরণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞাপন
পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত
প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করতে হলে মডিউল ‘এ’ পরীক্ষায় কমপক্ষে ২০০ নম্বর পেতে হবে।
বিজ্ঞাপন
বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘এ’ লেভেলে জীববিজ্ঞানে অন্তত ‘বি’ গ্রেড বাধ্যতামূলক।
অন্যদিকে স্থাপত্য বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য মডিউল ‘বি’ পরীক্ষায় ন্যূনতম ১৬০ নম্বর পেতে হবে। এ বিভাগের মেধাতালিকা তৈরির সময় মডিউল ‘এ’ পরীক্ষার নম্বরের ৩০ শতাংশ এবং মডিউল ‘বি’ পরীক্ষার নম্বরের ৭০ শতাংশ বিবেচনা করা হবে।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
বিজ্ঞাপন
ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের বুয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন করতে বুয়েটের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। ফরম পূরণ ও জমা দেওয়ার পর আবেদনকারীকে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দেওয়া হবে। ওই নম্বর ব্যবহার করে নির্ধারিত পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার নিয়মাবলি, আবেদনসংক্রান্ত নির্দেশনা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন শুরুর আগেই যোগ্যতা ও শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।








