Logo

উপাচার্য অবরুদ্ধের পর জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১২:৫০
উপাচার্য অবরুদ্ধের পর জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে টানা তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলন-সংশ্লিষ্ট কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অফিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কাজ যথারীতি চলবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

দাবি আদায়ের লক্ষ্যে সোমবার টানা দ্বিতীয় দিনের মতো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন তাঁরা। এ সময় উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং অচলাবস্থা নিরসনের উপায় নির্ধারণে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

এর আগে রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে উপাচার্য অভিযোগ করেন, আন্দোলনকারীরা তাঁকে টানা ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’

আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় জরুরি বৈঠকে তিন দিনের জন্য অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সভা শেষে রাত পৌনে ১২টার দিকে পুলিশি প্রহরায় কার্যালয় ত্যাগ করেন উপাচার্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD