দেশের ৫০৩ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে কারিগরি শিক্ষার অবকাঠামো ও পাঠদানের মান উন্নয়নে প্রথম পর্যায়ে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রমেও প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ৫০৩টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি কারিগরি শিক্ষার মান বাড়াতে কারিগরি শিক্ষা বোর্ডকে নতুনভাবে সাজানোর পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের প্রথম ধাপে দেশের মোট ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কোনো দেশের সামগ্রিক অগ্রগতি বিচার করা যায় না। দেশের বিশাল জনগোষ্ঠীকে যথাযথভাবে গড়ে তুলতে পারলে সেটিই বড় সম্পদে পরিণত হবে। বিশেষ করে তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মধ্য দিয়েই দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলবে।
বিজ্ঞাপন
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণের প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সরকার কাজ করছে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থার কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা প্রতিরোধে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ অন্য অতিথিরা।








