Logo

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার এক ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এসএসসি ও এইচএসসিসহ দেশের সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশ্নপত্র তৈরি, মডারেশন এবং পরীক্ষা গ্রহণের প্রচলিত পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

বিজ্ঞাপন

শিক্ষাব্যবস্থায় আসছে পরিবর্তন

শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। এরই মধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগের চাহিদা অনুযায়ী সাজাতে হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী কম কেন

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে খুঁজে পাননি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই ধরনের পরিস্থিতি দেখেছেন। সেখানে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে মাত্র তিনজন হাত তুলেছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো ঠিকানা লাগে না। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে হলে প্রচলিত ও গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষা বাজেট বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

শিক্ষা খাতে সরকারের বরাদ্দ বাড়ানোর তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, আগে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভবিষ্যতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব

দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের সব অঞ্চলে শিক্ষার মান ও সুযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শিক্ষা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ না করার আহ্বান

অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ফেসবুক আজকাল তিলকে তাল বানায়।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি মিডিয়াকে আহ্বান জানাবো, শিক্ষার ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।’

বিজ্ঞাপন

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD