Logo

১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, কোথায় কবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২০:০৬
১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, কোথায় কবে
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এখন পর্যন্ত ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ফলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি ও পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান আগের ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা একনজরে দেখে নেওয়া যাক।

ইউজিসির অনুরোধ সত্ত্বেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি: ৫ ডিসেম্বর: আইবিএ, ১২ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর: চারুকলা ইউনিট, ২৬ ডিসেম্বর: ব্যবসায় শিক্ষা ইউনিট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

নতুন সূচি অনুযায়ী: ১২ ফেব্রুয়ারি: ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি: ‘সি’ ইউনিট, ২০ ফেব্রুয়ারি: ‘এ’ ইউনিট।

তবে আবেদনের সময়সীমা আগের মতোই রয়েছে। ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদন করার জন্য অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আগের ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

পরীক্ষার সময়সূচি: ১ জানুয়ারি: ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি: ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি: ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি: ‘সি’ ইউনিট, ২৩ জানুয়ারি: ‘ডি’ ইউনিট।

বিজ্ঞাপন

আবেদন শুরু হবে ১৫ নভেম্বর। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

ইউনিটভিত্তিক সময়সূচি: ২৯ জানুয়ারি: ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি: ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি: ‘বি-১’ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি: ‘বি-২’ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি: ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি: ‘ডি’ ইউনিট, ৮ ফেব্রুয়ারি: ‘ডি-১’ উপ-ইউনিট।

সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়ের মধ্যে শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষার সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বিজ্ঞাপন

বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে না। তবে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো সুযোগ রাখার সিদ্ধান্ত হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার সময় প্রায় দেড় মাস পিছিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

বিজ্ঞাপন

কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আবেদনের যোগ্যতার কয়েকটি শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী: ৫ ফেব্রুয়ারি: ‘সি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি: ‘এ’ ও ‘বি’ ইউনিট।

আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আগে পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল ৫ ডিসেম্বর।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।

মেডিকেল ও ডেন্টাল কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানিয়েছেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা আয়োজন করা হবে। এ জন্য ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

সম্পূরক পরীক্ষার্থীদের জন্য বাড়তি সুযোগ কতটুকু?

ইউজিসির অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় পিছিয়ে দিলেও কিছু প্রতিষ্ঠান আগের সূচি বহাল রেখেছে। ফলে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন করার বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে কিছু প্রতিষ্ঠান পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। তাই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসরণ করে আবেদন ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD