Logo

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড ১০ লাখের বেশি আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৯:২২
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড ১০ লাখের বেশি আবেদন
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছেন। গত দুই বছরের তুলনায় এবার আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

তিনি জানান, গত ৭ নভেম্বর ছিল উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের নির্ধারিত শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে শনিবার রাতে আবেদনের সময় বাড়িয়ে রবিবার দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষ হওয়ার পর মোট আবেদনের হিসাব পাওয়া গেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্র যাচাইয়ের আবেদন করেছিলেন। এর আগের বছর ২০২৪ সালে আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আগের দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন দ্বিগুণেরও বেশি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এবার পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের আবেদনকে কেন্দ্র করে ২৩ নভেম্বরের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD