গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতা বাড়াতে পাঁচ বছরের পরিকল্পনা ইউজিসির

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা না থাকায় কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন অনেক তরুণ। এ সমস্যা কাটিয়ে গ্র্যাজুয়েটদের দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী করে তুলতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে তৃতীয় ভাষা শিক্ষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষকদের প্রশিক্ষণ, পিএইচডি অর্জনের সুযোগ বৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। চাকরির বাজারের প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় অনেক গ্র্যাজুয়েট প্রত্যাশিত চাকরি পাচ্ছেন না। আন্তর্জাতিক শ্রমবাজারেও তাঁদের প্রতিযোগিতার সক্ষমতা তুলনামূলক কম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গবেষণার ক্ষেত্রে বাস্তব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে গবেষণা অর্থায়নের জন্য নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম সম্প্রসারণে টিউশন ফি বাবদ সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে কমিশন। মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে সমন্বয় বাড়াতে শিগগিরই পৃথক সভা আয়োজন করা হবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। গ্র্যাজুয়েটদের ডিগ্রির মান ও বেকারত্ব নিয়ে যে হতাশা তৈরি হয়েছে, তা দূর করতে ইউজিসি সহযোগিতা করবে। এ ছাড়া সভা-সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগেও সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞাপন
তৃতীয় ভাষা শিক্ষা ও বাধ্যতামূলক ইন্টার্নশিপ
পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এ কার্যক্রমের আওতায় আনতে সহযোগিতা করবে ইউজিসি। পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দপ্তর ও সংশ্লিষ্ট কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাস বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইন্টার্নশিপ চলাকালে প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অর্ধেক অর্থ সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। পুরো কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।
দুই হাজার শিক্ষককে পিএইচডির সুযোগ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দুই হাজার শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে ইউজিসির।
বিজ্ঞাপন
এ ছাড়া বিদেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশি শিক্ষকদের শিক্ষকতা ও গবেষণায় যুক্ত করতে এক বছর মেয়াদি ফেলোশিপসহ বিশেষ একাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান শিল্পপ্রতিষ্ঠানগুলোর গবেষণার জন্য বরাদ্দ অর্থ প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়ার প্রস্তাব করেন। তাঁর মতে, এতে একদিকে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যার সমাধান হবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতাও বাড়বে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া উপাচার্যরা অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু, সেমিস্টার পরিচালনার নির্দেশিকা প্রণয়ন, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সম্পর্ক জোরদারে ইউজিসির সহযোগিতা চান।
বিজ্ঞাপন
পাশাপাশি চাকরির বাজারের চাহিদা বিবেচনায় নতুন বিভাগ চালু এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট নিরসনে শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও দেন তাঁরা। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।








