Logo

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৯:২২
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। পূর্বনির্ধারিত সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার পরিবর্তে বিকেল ৩টায় ফল প্রকাশ করা হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল পাবেন আবেদনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেল ৩টায় এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। পাশাপাশি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার সকাল ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সিদ্ধান্তে সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের ভিত্তিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আওতায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফলে বিপুলসংখ্যক আবেদনকারী শিক্ষার্থী এখন সোমবার বিকেল ৩টায় প্রকাশিতব্য ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD