Logo

তিন দাবিসহ ১ জানুয়ারির মধ্যে দশম গ্রেড চান প্রাথমিক শিক্ষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৯:১৬
তিন দাবিসহ ১ জানুয়ারির মধ্যে দশম গ্রেড চান প্রাথমিক শিক্ষকরা
ছবি : এআই দিয়ে তৈরি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে সংগঠনের সভাপতি মো. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় কর্মকার স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতারা উল্লেখ করেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিতে প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছিল। এমনকি সরকার গঠনের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনাতেও শিক্ষকদের অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলা হয়। তবে এখন পর্যন্ত সহকারী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

শিক্ষার্থীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে সংগঠনটি। এর মধ্যে বিনামূল্যে পোশাক, জুতা ও স্কুলব্যাগ বিতরণ, বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার উদ্যোগ রয়েছে। তবে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে এখনো অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নেতারা।

বিজ্ঞাপন

শিক্ষকদের তিন দফা দাবি

প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের দাবিগুলো হলো— ১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা, ২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন করা এবং ৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ১০ নভেম্বর অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর এক বছর পার হলেও দাবিগুলোর কোনোটি কার্যকর হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে বলে মনে করছেন সংগঠনের নেতারা। তাদের মতে, নতুন শিক্ষাবর্ষের শুরুতে আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আগেই শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন করা প্রয়োজন।

এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD