বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বড় সুযোগ, জিপিএ শর্ত কমাল ১৬ প্রতিষ্ঠান

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় তুলনামূলক কম ফল করা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় জিপিএর যোগ্যতা কমিয়েছে বা শিথিল করেছে। ফলে আগের তুলনায় বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। পাশাপাশি কিছু প্রতিষ্ঠান আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোথাও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্মিলিত জিপিএ কমানো হয়েছে, আবার কোথাও নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের শর্ত শিথিল করা হয়েছে।
জিপিএর শর্তে পরিবর্তন আনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং কৃষিগুচ্ছের অধীন ৯টি বিশ্ববিদ্যালয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬.৫০ নির্ধারণ করা হয়েছে। দুই পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে সম্মিলিত জিপিএর শর্ত ছিল ৭.০০।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএর শর্ত ৮.০০ থেকে কমিয়ে ৭.০০ করা হয়েছে। তবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়টিতে গত ১৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
কুয়েটে এবার বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্টের যোগ্যতা কমানো হয়েছে। আবেদনের জন্য এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট অন্তত ১৬.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এই চার বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্টের প্রয়োজন ছিল ১৮.০০।
বিশ্ববিদ্যালয়টিতে গত ১০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়
কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়েও ভর্তি আবেদনের যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদ দিয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ প্রয়োজন হতো।
নতুন নিয়মে চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৪.০০ এবং সম্মিলিতভাবে জিপিএ ৮.০০ থাকলেই আবেদন করা যাবে।
বিজ্ঞাপন
কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী বছরের ২ জানুয়ারি। গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়েই পরীক্ষার কেন্দ্র থাকবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
এমআইএসটিতে এবার ভর্তির যোগ্যতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিজ্ঞাপন
এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট অন্তত ১২.০০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ প্রয়োজন হবে। এবার ইংরেজি বিষয়ে আলাদা কোনো গ্রেড পয়েন্টের শর্ত রাখা হয়নি।
আগের শিক্ষাবর্ষে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৮.০০ প্রয়োজন ছিল। এ ছাড়া উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে অন্তত ৪.০০ থাকতে হতো।
এমআইএসটিতে আগামী ৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার সব ইউনিটেই জিপিএর যোগ্যতা কমানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা রয়েছে। আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ‘এ’ ইউনিটে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮.৫০ থেকে কমিয়ে ৭.৫০ করা হয়েছে। দুই পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৩.৫০ থাকতে হবে।
বিজ্ঞাপন
সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ প্রয়োজন। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সম্মিলিত জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩.০০ নির্ধারণ করা হয়েছে।
কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজন ৬.৫০। পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএ যথাক্রমে ৩.৫০ ও ৩.০০।
নাট্যতত্ত্ব ও চারুকলা অনুষদভুক্ত ‘সি-১’ ইউনিটে সম্মিলিত জিপিএর শর্ত ৭.৫০ থেকে কমিয়ে ৬.৫০ করা হয়েছে। পৃথকভাবে দুই পরীক্ষায় অন্তত ৩.০০ থাকতে হবে।
বিজ্ঞাপন
জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৯.০০ থেকে কমিয়ে ৮.০০ করা হয়েছে। পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ প্রয়োজন।
অন্যদিকে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং অন্যান্য বিভাগের জন্য ৬.৫০ নির্ধারণ করা হয়েছে। পৃথকভাবে ন্যূনতম জিপিএ থাকতে হবে যথাক্রমে ৩.৫০ ও ৩.০০।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে ভর্তির জিপিএ শর্ত কমানো হয়েছে। শুধু ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আগের যোগ্যতা বহাল রয়েছে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সম্মিলিত জিপিএর শর্ত ৭.৫০ থেকে কমিয়ে ৭.০০ করা হয়েছে। দুই পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৩.০০ থাকতে হবে।
কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ থেকে কমিয়ে ৬.০০ করা হয়েছে। পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে।
চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএর শর্ত ৬.০০ থেকে কমিয়ে ৫.৫০ করা হয়েছে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে থাকা যাবে না।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সম্মিলিত জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে অন্তত ৩.০০ থাকার আগের নিয়ম বহাল রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে গত ১৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
বুটেক্সে এইচএসসির বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্টের শর্ত কমানো হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
এ ছাড়া গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট অন্তত ১৬.৫০ প্রয়োজন হবে। গত শিক্ষাবর্ষে এ শর্ত ছিল ১৭.৫০। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ পাওয়ার নিয়ম অপরিবর্তিত রয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
রুয়েটেও বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্টের যোগ্যতা শিথিল করা হয়েছে। আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
পাশাপাশি এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ শর্ত ছিল ১৪.০০। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে অন্তত ৪.০০ পাওয়ার শর্ত বহাল রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেডিকেল ভর্তিতেও জিপিএ শর্ত কমানোর আলোচনা
বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রেও জিপিএর যোগ্যতা কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, এইচএসসি ও সমমান পরীক্ষায় তুলনামূলক কম ফল করা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নতুন সিদ্ধান্ত উচ্চশিক্ষার সুযোগ বাড়াবে। তবে আবেদনের যোগ্যতা অর্জন করলেই চূড়ান্ত ভর্তি নিশ্চিত হবে না। নির্ধারিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাক্রম অনুযায়ীই শিক্ষার্থীদের নির্বাচিত হতে হবে।








