সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ১৫০ প্রার্থী

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করে পিএসসি।
বিজ্ঞাপন
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্সের (দশম গ্রেড) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ২১ নভেম্বর এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ১৫০ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল ও নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।








