প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
ডায়াবেটিসকে বর্তমান বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগটির বিভিন্ন জটিলতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তবে যথাসময়ে রোগ শনাক্ত, উপযুক্ত চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা গেলে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকটাই কমানো সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও যথাযথ পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
যাঁরা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
বাণীতে তিনি জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। গত দুই দশক ধরে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে, যা দেশের জন্য গৌরবের বিষয়।
এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
সবশেষে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে দিবসটি উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।








