Logo

নদীর তীর হবে জনবান্ধব ও পর্যটন উপযোগী: নৌমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৭:২৬
নদীর তীর হবে জনবান্ধব ও পর্যটন উপযোগী: নৌমন্ত্রী
ছবি প্রতিনিধি।

রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীকে দখল ও দূষণমুক্ত করে জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। নদীর দুই তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানসংলগ্ন গ্রীন সিটি মডেল টাউনের তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে আয়োজিত (BIWTA Walkway Run 2026) অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীর সীমানা সংরক্ষণ এবং সাধারণ মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। যেসব স্থানে ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে, সেগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করার পাশাপাশি নদী রক্ষায় মানুষের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

নদীদূষণের ৪২৬টি উৎস চিহ্নিত

বিজ্ঞাপন

শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের প্রায় ৪২৬টি উৎস চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য নদীতে পড়া বন্ধ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃত্তাকার নৌযোগাযোগ চালুর পরিকল্পনা

নদীকে কেবল যাতায়াতের মাধ্যম হিসেবে নয়, বরং পর্যটন, বিনোদন ও নগরজীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান নৌপরিবহন মন্ত্রী। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন, নৌস্টেশন ও ঘাট নির্মাণ এবং সড়কপথের সঙ্গে নৌপথের সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, নদীদূষণ নিয়ন্ত্রণ, নৌপথের নাব্যতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এতে রাজধানীবাসীর যাতায়াতের বিকল্প তৈরি হওয়ার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সম্পন্ন ৬৮ কিলোমিটার ওয়াকওয়ে

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে নদীর সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার কাজও অন্তর্ভুক্ত।

প্রকল্পের প্রথম ধাপে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ৫২ কিলোমিটার নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৪৮ কিলোমিটার কাজ শেষ হয়েছে। অর্থাৎ দুই ধাপে মোট ৬৮ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৬৩০টি স্থাপন করা হয়েছে। পাশাপাশি ১৩টি জেটি ও পাঁচটি ইকোপার্কের নির্মাণকাজ শেষ হয়েছে।

বর্তমানে ওয়াকওয়ে, সীমানা পিলার, তীররক্ষা বাঁধ, ড্রেন, বসার বেঞ্চ, হাঁটার সেতু ও ঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

নদীর তীর ঘিরে বাসযোগ্য নগর গড়ার উদ্যোগ

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে। নদীর তীর হয়ে উঠবে নগরবাসীর হাঁটাচলা, শরীরচর্চা, বিনোদন ও পর্যটনের আকর্ষণীয় স্থান। একই সঙ্গে নদী সংরক্ষণ ও নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে রাজধানীকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম।

এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নদী সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন এবং জনবান্ধব নগরায়ণের পাশাপাশি রাজধানীর চারপাশে টেকসই নৌযোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD