সাধারণ মানুষের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

দেশের চিকিৎসাসেবা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য খাতকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, সরকারি বিনিয়োগের যথাযথ সুফল সাধারণ মানুষ পাচ্ছে না।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন তিনি। পরে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রাষ্ট্রপতি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং চিকিৎসা খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় অনেকের পক্ষেই তা বহন করা সম্ভব হয় না।
বিজ্ঞাপন
সরকারি হাসপাতালগুলোর দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনেক সময় চিকিৎসকের সংকট দেখা যায়। এতে বাধ্য হয়ে সাধারণ মানুষ অপ্রশিক্ষিত চিকিৎসকদের শরণাপন্ন হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তরুণ চিকিৎসকদের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে সেবা দেওয়ার মানসিকতা তৈরির ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করার পর গ্রামে যেতে আগ্রহী হন না। কেউ সেখানে গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কাজে চলে যান। এই প্রবণতা পরিবর্তন করা জরুরি। একই সঙ্গে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন মির্জা ফখরুল। তার মতে, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও অন্যান্য বিষয় পরিবর্তনের প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে। এতে সংশ্লিষ্ট ক্ষেত্রের সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে।
আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের পেশাগত উন্নয়ন এবং দাঁতের চিকিৎসাসেবার মান বাড়াতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।







