প্রধানমন্ত্রীর জাপান ফেরত ফ্লাইটে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি পাওয়া গেছে। উড়োজাহাজটির কারিগরি লগবুক ও রক্ষণাবেক্ষণের নথি পর্যালোচনা করে এসব ত্রুটির তথ্য উদ্ঘাটন করেছে তদন্ত কমিটি। ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজটি নির্বাচনের যৌক্তিকতা এবং রক্ষণাবেক্ষণের মান নিয়েও এখন প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরিস্থিতি বিবেচনায় নিয়ে উড্ডয়ন বাতিল করা হয় এবং উড়োজাহাজটিকে আবার পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।
পরে বিমানের প্রকৌশলী দল ও জাপানি প্রযুক্তিবিদদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। পরে প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার গুরুত্ব বিবেচনায় পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা সমন্বয়হীনতা ছিল কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়।
তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগবুক ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে একাধিক সমস্যার তথ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থার ত্রুটি, পিটট হিটিং সিস্টেমের সমস্যা এবং উড়োজাহাজের ডান ও বাম পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটি।
বিমানের একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।
বিজ্ঞাপন
এদিকে ভিভিআইপি ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ যাত্রায় উড়োজাহাজের নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন তাঁরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটে একাধিক যান্ত্রিক ত্রুটির তথ্য সামনে আসায় উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ, কারিগরি পরীক্ষা এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য বিমান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।








