Logo

বহুমুখী সংকটের ছায়া: ডিসেম্বরের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৩:১৩
বহুমুখী সংকটের ছায়া: ডিসেম্বরের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বর বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ছিল অত্যন্ত ঘটনাবহুল ও অস্থির। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তার মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যম এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এরপর ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর মারা যান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এক বছর পর আবারও সামনে এসেছে ডিসেম্বর। তবে এবারও মাসটি ঘিরে তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা। রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির সম্মিলিত প্রভাবে ডিসেম্বর বাংলাদেশের জন্য নতুন এক কঠিন সময় হয়ে উঠতে পারে।

হাদি হত্যার এক বছর পূর্তি এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বার্ষিকীই শুধু এবারের আলোচনার বিষয় নয়। একই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, সাম্প্রতিক সহিংসতা, বিজয় দিবস ঘিরে রাজনৈতিক অবস্থান এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।

ডিসেম্বরের সবচেয়ে বড় রাজনৈতিক অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি পাঠায়। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়।

একই দিন বিএনপির সংসদীয় দলের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তার ভাষ্য, বাংলাদেশ শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে দেশে ফেরার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে হস্তান্তর চায়।

বিজ্ঞাপন

পরদিন ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। প্রত্যর্পণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কোনো আইনি বাধাও দেখছে না।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তিনি সেই সুযোগ হারিয়েছেন। দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানান তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের একটি অংশে এখনো তার সমর্থন থাকায় বাংলাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যক্তিত্ব।

বিজ্ঞাপন

এ অবস্থায় তার দেশে ফেরার সম্ভাবনা সরকারকে একাধিক জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে। আদালতের রায় কার্যকর, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং ফেরাকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও রাজনৈতিক প্রতিক্রিয়া সামাল দেওয়া—সবকিছুই হবে বড় চ্যালেঞ্জ। ফেরার তারিখ ঘোষণা করা হলে রাজপথে মানুষের উপস্থিতি বাড়তে পারে, যা বিদ্যমান অস্থিরতার মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বেড়েছে। গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অন্তত ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, একই সময়ে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ওই দিন একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। পুলিশের অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটতে থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এসব ঘটনার জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগের পথে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। নিরাপত্তা সংকট তখন রাজনৈতিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।

ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। বর্তমান বিএনপি সরকারের অধীনে এবারই প্রথম বিজয় দিবস উদ্‌যাপিত হতে যাচ্ছে। ফলে মাসটির রাজনৈতিক তাৎপর্যও আলাদা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহার করেছে। তবে বিরোধীদের অভিযোগ, দলটি রাজনৈতিক সমালোচনা দমনেও মুক্তিযুদ্ধের ইতিহাসকে হাতিয়ার করেছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অতীত, মুক্তিযুদ্ধের ব্যাখ্যা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিতর্ক আরও জটিল হয়েছে। নতুন সরকার কীভাবে বিজয় দিবস পালন করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো সেই আয়োজনকে কীভাবে গ্রহণ করে, তা থেকেও উত্তেজনা তৈরি হতে পারে।

বিশেষ করে পাল্টাপাল্টি সমাবেশ, রাজনৈতিক বক্তব্য ও বিক্ষোভের আশঙ্কা থাকায় বিজয়ের মাসে পরিস্থিতি সতর্কতার সঙ্গে সামাল দেওয়ার প্রয়োজন হবে।

গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তি এবার নতুন করে জবাবদিহির প্রশ্ন সামনে আনছে। ওই রাতের পর এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা পরিস্থিতিতে কতটা পরিবর্তন এসেছে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

দ্য ডেইলি স্টার ও ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে উঠে এসেছে, হামলার আগে অনলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছিল। প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘণ্টার পর ঘণ্টা তা উপেক্ষা করে বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়।

এক বছর পরও প্রশ্ন রয়ে গেছে, এসব হামলার সঙ্গে জড়িত কতজনকে বিচারের আওতায় আনা হয়েছে এবং সাংবাদিক, সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা এখন কতটা নিরাপদ বোধ করছেন।

নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আবারও হামলার ঝুঁকিতে পড়তে পারে। এ পরিস্থিতিতে সরকার কীভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করে, তা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সরকারের অবস্থানের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও পরিস্থিতিকে জটিল করে তুলছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাইলেও নয়াদিল্লি এখনো হস্তান্তর করেনি।

শেখ হাসিনা দেশে ফিরলে তার দেশত্যাগের পরিস্থিতি এবং ওই ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তিনি ভারতে অবস্থান অব্যাহত রাখলে প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর চাপ তৈরি করতেই থাকবে।

এর মধ্যে ভারতীয় রাজনীতিবিদদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি দাবি করেন, দেশভাগের সময় নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভুলবশত বাংলাদেশের অংশ হয়েছিল এবং ভারতের উচিত এগুলো পুনরুদ্ধার করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি ভারত সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য না দিলেও অতীতেও দেশটির কয়েকজন রাজনীতিবিদকে একই ধরনের মন্তব্য করতে দেখা গেছে। ফলে নিশিকান্ত দুবের বক্তব্যকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ সীমিত। দুই দেশের সম্পর্কে বিদ্যমান টানাপোড়েনের মধ্যে এ ধরনের মন্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়াতে পারে এবং জাতীয়তাবাদী অবস্থানকে আরও জোরালো করতে পারে।

পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সহযোগিতা এগিয়ে নেওয়া দুই সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে। কারণ, এসব ক্ষেত্রে সমঝোতার পক্ষে নিজ নিজ দেশে জনসমর্থন তৈরি করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ডিসেম্বর ঘিরে তৈরি হওয়া প্রতিটি সংকট আলাদাভাবে মোকাবিলা করা সম্ভব হতে পারত। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি মূলত আইনি ও কূটনৈতিক। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাগুলো আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে বিজয়ের মাস এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বার্ষিকী রাজনৈতিক দায়িত্ববোধ, ইতিহাস ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন সামনে আনছে।

কিন্তু বাস্তবে এসব বিষয় একই সময়ে সামনে আসতে যাচ্ছে। ফলে একটি ঘটনা অন্যটির ওপর প্রভাব ফেলতে পারে।

শেখ হাসিনাকে ঘিরে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এলে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। এর ফলে নতুন সংঘাত তৈরি হলে রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে চলে আসবে। একই সময়ে ভারত থেকে আসা উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিতে নতুন উত্তাপ যোগ করতে পারে।

বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রথম ডিসেম্বর তাই শুধু ঘটনাবহুল একটি মাস নয়, বরং সরকারের রাজনৈতিক দক্ষতা ও সংযমেরও পরীক্ষা। ভিন্নমত ও জনবিক্ষোভ কীভাবে মোকাবিলা করা হবে, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জবাবদিহি কতটা নিশ্চিত করা হবে—এসব প্রশ্নের উত্তর খুঁজবে দেশ।

বিজয়ের মাসে রাজনৈতিক দলগুলো কি অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারবে, নাকি রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে ঘিরে বিভাজন আরও বাড়বে? একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লি কি পারস্পরিক মতপার্থক্যকে আরও তিক্ততার দিকে যাওয়া থেকে আটকাতে পারবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ অতীতেও বহু সংকট মোকাবিলা করেছে। তবে এবারের ডিসেম্বর একসঙ্গে রাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্কের সক্ষমতা যাচাই করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা কোনো একটি ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নয়; বরং একাধিক সংকট পরস্পরকে উসকে দিয়ে পরিস্থিতিকে আরও অস্থির করে তোলা।

ডিসেম্বর শেষে স্পষ্ট হতে পারে, গত এক বছরে বাংলাদেশ কতটা বদলেছে এবং কোন সমস্যাগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD