কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্ক সফর করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে তাঁকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে।
বিজ্ঞাপন
ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আনতালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা।
সফরের অংশ হিসেবে কপ-৩১ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।








