Logo

সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকার হাফিজ উদ্দিনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ২১:৪৩
সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকার হাফিজ উদ্দিনের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর পরিবর্তে জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলোকে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রস্তাব দেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাঁরা আর আগের মতো পিছিয়ে নেই। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনা করা উচিত।

স্পিকারের মতে, রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিলে তাঁরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্পিকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে স্পিকার বলেন, যারা রাজনীতি করেন না, তাঁদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই।

রাজনীতিবিদদের আত্মসংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা নিজেদের শুধরে নিলেই দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে পুরো দেশ বদলে যাবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুবিধা আদায় করা যায়, তা নিয়েই রাজনীতিবিদরা বেশি ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও অধিকার নিয়ে তাঁদের ভাবার সুযোগ হয় না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে অভিহিত করেছেন স্পিকার। তবে দেশে এখন আর সেই নির্বাচনী সংস্কৃতি নেই বলে মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি মনে করেন, নির্বাচনী ব্যবস্থায় এই পরিবর্তন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD