সাংবাদিকতায় নৈতিকতার বিকল্প নেই : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।
বিজ্ঞাপন
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
আলোচকবৃন্দ ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম এবং সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।
বিজ্ঞাপন
সেমিনারে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে গুজব ও ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব আরও বেড়ে গেছে। নীতি-নৈতিকতা মেনে, তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারেন।
সাব এডিটররা সংবাদপত্রের প্রাণ উল্লেখ করে বক্তারা বলেন, একটি সংবাদের শিরোনাম, ভাষা ও উপস্থাপনের ওপর তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। তাই সাব এডিটরদের আরও সতর্ক, দায়িত্বশীল ও নীতিবান হতে হবে।
বিজ্ঞাপন
কর্মশালায় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।








