পোশাক শ্রমিকদের জন্য চালু হলো বিশেষ ওএমএস, ৩০ টাকা কেজিতে মিলছে চাল

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী সরবরাহের লক্ষ্যে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি শুরু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দেশের নির্দিষ্ট শিল্পাঞ্চল ও শহরে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
বিজ্ঞাপন
এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন চাল রাখা হচ্ছে। সেই হিসাবে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকে ৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। সাভার শিল্পাঞ্চলে আটটি ট্রাকে থাকবে ৪০ মেট্রিক টন এবং ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ মেট্রিক টন চাল সরবরাহ করা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে আরও ৫০ মেট্রিক টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতি শুক্রবার দুই ধাপে চাল বিক্রি করা হবে। প্রথম ধাপে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল সংগ্রহের সুযোগ থাকবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে।
চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করে নির্ধারিত নিয়মে চাল সংগ্রহ করতে হবে। প্রকৃত পোশাক শ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাকের কার্যক্রম তদারকির জন্য একজন করে কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
কর্মসূচি শুরুর প্রথম দিনেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও চাল কেনার আগ্রহ দেখা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ এ ওএমএস কার্যক্রম অব্যাহত থাকবে।








