Logo

জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ, আনসার-ভিডিপির ভাষা প্রশিক্ষণ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৯:২৮
জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ, আনসার-ভিডিপির ভাষা প্রশিক্ষণ শুরু
ছবি: সংগৃহীত

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সদস্যদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের এন-৫ পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন হয়েছে। নিজস্ব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সদস্যদের নিরাপদ ও প্রাতিষ্ঠানিকভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও নিয়েছে বাহিনী।

বিজ্ঞাপন

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, দালালদের দৌরাত্ম্য এবং অনিশ্চিত কর্মসংস্থানের ঝুঁকি কমাতে বাহিনী নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এজেন্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ফলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বিদেশযাত্রার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে গত ১১ নভেম্বর ২০২৬, বুধবার, বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের জন্য প্রার্থী নির্বাচন করা হয়। আগামী ১৫ নভেম্বর থেকে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এতে তিনটি পৃথক কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে।

প্রথম কর্মসূচিতে Okayama University of Science (OUS)-এর মাধ্যমে দূরশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আনসার-ভিডিপির পুরুষ ও নারী সদস্যদের নির্বাচিত করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আনসার-ভিডিপি একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে।

বিজ্ঞাপন

দ্বিতীয় কর্মসূচির আওতায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ও কারিগরি শিক্ষা (TVET) প্রোগ্রামের মাধ্যমে জাপানে যাওয়ার প্রস্তুতির জন্য নারী ও পুরুষ সদস্যদের বাছাই করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে আনসার-ভিডিপি একাডেমি, ভিটিসি কলাকোপা (নবাবগঞ্জ, ঢাকা), ভিটিসি গাজীপুর এবং কুমিল্লা, মৌলভীবাজার, সিরাজগঞ্জ ও যশোর জেলা প্রশিক্ষণ কেন্দ্রে।

তৃতীয় উদ্যোগে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার-ভিডিপির নারী সদস্যদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও ও ফেনী প্রশিক্ষণ কেন্দ্রে।

বাহিনী সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আনসার-ভিডিপি ম্যানেজমেন্ট সিস্টেমের (AVMIS) TRGMS অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যোগ্য প্রার্থীরা বাছাই প্রক্রিয়ায় অংশ নেন। বাহিনীর সদর দপ্তর গঠিত কমিটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রার্থী নির্বাচন করে।

বিজ্ঞাপন

বাছাইয়ের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক ও স্বাস্থ্যগত সক্ষমতা যাচাই করা হয়। পাশাপাশি উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি এবং শারীরিক ত্রুটি পরীক্ষা করা হয়। এরপর গুগল লিংকের মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়ার পাশাপাশি মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়।

দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সমন্বয়ে নেওয়া এ উদ্যোগ আনসার-ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদেশে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কার্যক্রম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD