ডিপিডিসির প্রকৌশলী আনিছুর রহমান পেলেন আইইবির গুরুত্বপূর্ণ দায়িত্ব

প্রকৌশল পেশায় দীর্ঘ অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের স্বীকৃতি হিসেবে নতুন সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর রহমান (মুরাদ)। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) অর্থসম্পাদকের দায়িত্বও পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন আনিছুর রহমান। এরপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের এই অর্জনকে পুঁজি করেই শুরু হয় তাঁর পেশাগত জীবন।
শিক্ষা শেষ করে ডিপিডিসিতে যোগ দেন তিনি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন দায়িত্ব পালনের মধ্য দিয়ে অর্জন করেন বাস্তব অভিজ্ঞতা। বর্তমানে তিনি ডিপিডিসির বনশ্রী ডিভিশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণেও পরিচিতি রয়েছে তাঁর। সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানো, বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করা এবং পেশাগত সমস্যা সমাধানে এগিয়ে আসার মানসিকতা তাঁকে সহকর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
বিজ্ঞাপন
ডিপিডিসির বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলী পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে আনিছুর রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের বক্তব্যে তাঁর মানবিক গুণাবলি, সহযোগিতার মনোভাব এবং সহকর্মীবান্ধব আচরণের প্রশংসা উঠে এসেছে।
নির্বাচিত হওয়ার পর নিজের প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আনিছুর রহমান। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকৌশলী সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।







