Logo

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৭:২২
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা এতে অংশ নেবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আয়োজনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মরণসভাকে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ জন্য দেশের বিশিষ্ট নাগরিক, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান; অর্থনৈতিক দর্শন; নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; সরকার পরিচালনা ও সুশাসন।

এ ছাড়া তাঁর প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময়ের অভিজ্ঞতা এবং নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা নিয়েও লেখার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা হতে হবে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova\@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সম্পাদকীয় পর্যালোচনার ভিত্তিতে নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

স্মারকগ্রন্থ প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তুলে ধরার চেষ্টা করা হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD