বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব ঘটনার সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে।
বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন, তারা এখনো বাংলাদেশের মানুষকে চিনতে পারেননি। দেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আবারও রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।
বিজ্ঞাপন
সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি বর্তমান সরকার। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারের কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয়ও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। তবে সরকারের কোনো কাজে নেতিবাচক দিক থাকলে তা প্রকাশের পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারবো, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।’
বিজ্ঞাপন
সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও মানুষের আস্থা অটুট রাখতে অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখার পরামর্শ দেন আইনমন্ত্রী। পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার কথাও বলেন তিনি।
আসাদুজ্জামান বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। তাই সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রেখে পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। নেতৃত্ব বা পদ না থাকার কারণে কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এ ছাড়া ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের পরামর্শ দেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ।







