Logo

‘আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি’, নাহিদকে বললেন স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৮:৪৭
‘আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি’, নাহিদকে বললেন স্পিকার
ছবি: সংগৃহীত

সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়ানো বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে অপেক্ষা করতে বলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তিনি বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি?’ প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান স্পিকার। তবে বিষয়টি জরুরি উল্লেখ করে তাৎক্ষণিকভাবে কথা বলার সুযোগ চান নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে।

নাহিদ ইসলাম কথা বলতে দাঁড়ালে স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি। আপনার বলার সময় হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে থাকবেন না।’

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা তো জানি। মাননীয় স্পিকার, আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না। আমরা এই সরকারের কাছ থেকে কোনও জবাব আশা করি না। অন্তত আমাদের কথাগুলো বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকবো না।’

বিজ্ঞাপন

পরে স্পিকার তাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেন। বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আগের রাতে ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, সারা দেশে নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকেও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে বিবেচনা করা হবে না?

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।’

নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ আমাদের দেখতে হবে।’

বিজ্ঞাপন

ফ্যাসিবাদী শক্তির হামলায় তাঁদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার মনোভাব রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেন।

নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার বলেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ অত্যন্ত গুরুতর ঘটনা।’ বিষয়টি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD