নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দলের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের সব সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় দ্রুত সমাবেশ ও মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের অভিযোগ, বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পরিবারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
ঘটনার পর ঢাকা থেকে নিজ বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন নুসরাত। তাঁর দাবি, ফুটেজে পেছন দিক থেকে এক ব্যক্তিকে চার দফায় বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
নিজের ফেসবুক পোস্টে নুসরাত জানান, এই হামলার পেছনে কারা রয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে এনসিপি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে। দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলায় জড়িত থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণও নিশ্চিত করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গোয়ালঘর হিসেবে ব্যবহৃত একটি কক্ষে আগুন লাগে। নুসরাতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, পূর্ববিরোধের জেরে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
সাম্প্রতিক সময়ে দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের একাধিক ঘটনার মধ্যে নুসরাতের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ডা. তাসনিম জারা। নুসরাতের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, ‘আপনি একা নন।’
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং বিচারের আওতায় আনার আহ্বান জানান।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে দেশে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে জামায়াতে ইসলামী।








