Logo

কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাত তাবাসসুমের ফোনে

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১২ নভেম্বর, ২০২৬, ১৮:৫৩
কয়েকদিন ধরেই ‘থ্রেট কল’ আসছিল নুসরাত তাবাসসুমের ফোনে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার আগে কয়েক দিন ধরে হুমকিমূলক ফোনকল পাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এমনকি হামলার কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ করে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নুসরাত।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাঁর ফোনে প্রথম হুমকি আসে। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকিমূলক কল পেয়েছেন তিনি। বিষয়টি বিস্তারিত জানিয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে।

নুসরাতের অভিযোগ, তাঁর বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। তাঁর ভাষায়, সেটিও ছিল একধরনের হুমকি।

বিজ্ঞাপন

এনসিপির এই নেত্রী বলেন, ‘আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।’

নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ধরন বর্ণনা করতে গিয়ে নুসরাত বলেন, ঘটনাটি দেখতে পুরোপুরি পেট্রল বোমা হামলার মতো। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।’

বিজ্ঞাপন

বাড়িটির গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, এটি কোনো পরিত্যক্ত স্থাপনা ছিল না। সেখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি তাঁদের বাড়ির দেখাশোনা করত এবং সময়ের সঙ্গে তাঁদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিল।

নুসরাত বলেন, ‘এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি।’

তিনি আরও জানান, ওই বাড়িতে তাঁর গবাদিপশুর খামার ছিল। সেখানে আত্মীয়স্বজনের পাশাপাশি দেখাশোনার দায়িত্বে থাকা পরিবারটিও থাকত। অগ্নিকাণ্ডে ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং তাঁর বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। আগুনে বাড়িটির প্রায় সবকিছুই পুড়ে গেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তবে এসব হামলা ও হুমকিতে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে আসবেন না বলে স্পষ্ট জানিয়েছেন নুসরাত। তাঁর ভাষায়, ‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD