‘উপহারের নামে ঘুষকে বৈধতা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার দেওয়াকে ঘুষ নয় বলে প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। এ ধরনের মন্তব্য দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার কথা বলে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা দেওয়া কোনোভাবেই নৈতিক কিংবা আইনসম্মত হতে পারে না। উপহারের আড়ালে এ ধরনের লেনদেন মূলত ঘুষ ও দুর্নীতিরই ভিন্ন রূপ।
জুবায়ের বলেন, সরকারি ক্রয় ও উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল একজন প্রতিমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য আসা সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নের মুখে ফেলে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়ার আশঙ্কাও তৈরি করে। এর ফলে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দুর্নীতির সুযোগ আরও বিস্তৃত হতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের মন্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে।
বিবৃতিতে গত ১৯ ফেব্রুয়ারির একটি ঘটনারও উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ‘সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়’ বলে মন্তব্য করেছিলেন। ওই বক্তব্যের কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এ ধরনের বক্তব্য তাঁদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের লাগামহীন মন্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।








