পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপির শীর্ষ নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর পরপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বেড়েছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে। প্রথমে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি হামলা, এরপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় নতুন করে নিরাপত্তাশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দলটি।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। এর এক দিন পর বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাতের অভিযোগ, তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এনসিপির নেতারাও ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ফলে তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন দলটির নেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় নাশকতামূলক তৎপরতার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই এনসিপির দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটল।
বিজ্ঞাপন
দলটির রাজনৈতিক পর্ষদের তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি মনে করছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এনসিপির এক জ্যেষ্ঠ নেতার দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতারা আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এক সপ্তাহ ধরেও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইয়ের নেতাদের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে। অথচ এসব বিষয়ে বিএনপি কিংবা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
নিরাপত্তা নিয়ে সংসদেও প্রশ্ন নাহিদের
বিজ্ঞাপন
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের খবর পেয়ে বুধবার রাতেই কুষ্টিয়ায় যান তিনি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে নিজের ওপর আসা হুমকির বিবরণ তুলে ধরেন এনসিপির এই নেত্রী।
নুসরাত বলেন, ‘গত ২৮ অক্টোবর রাত সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশ কিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরও আমার কাছে বেশ কিছু হুমকি এসেছে।’
এদিকে সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তাদের প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট হয়ে গেছে।
সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাম্প্রতিক হামলা ও নাশকতার পেছনে এনসিপি কিংবা তাদের রাজনৈতিক মিত্রদের ভয় দেখানোর উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও দলটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। এমনকি এর পেছনে বিএনপির রাজনৈতিক কৌশল থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন দলের এক শীর্ষ নেতা।
বিজ্ঞাপন
নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, ‘নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস (জায়গা) তৈরি করে দিয়ে বিএনপি বিরোধী দলকে ভয় দেখাতে চায়, এমনটা মনে হওয়ার সংগত কারণ আছে। ভয় পেয়ে এনসিপি যাতে সরকারের অপকর্মের বিরুদ্ধে চুপ হয়ে যায়, সরকার যেভাবে চায় সেভাবে সবকিছুর সঙ্গে তাল মেলায়, সংস্কার প্রশ্নে তাদের ইচ্ছেমতো চলতে বাধ্য হয়, সেই চেষ্টা থাকতে পারে।’
তবে হামলা ও হুমকির মুখে পিছিয়ে যাওয়ার পরিবর্তে রাজনৈতিকভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তাঁরা প্রস্তুত।
তিনি জানান, ইতিমধ্যে জেলা পর্যায়ে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ঢাকায়ও কর্মসূচি নেওয়া হয়েছে। রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিজ্ঞাপন
এর অংশ হিসেবে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটর থেকে মশালমিছিল বের করে এনসিপি। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
এ ছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। পরপর দুই নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির এই মাঠপর্যায়ের তৎপরতা আগামী দিনে আরও বাড়তে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।








