নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনিক ও রাজনৈতিক—দুই দিক থেকেই কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি চলছে। পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির পাশাপাশি মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোও ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
বিজ্ঞাপন
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার পর বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ৯ নভেম্বর শুরু হওয়া অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। সংরক্ষিত নারী আসনের সদস্যসহ দলীয় সংসদ সদস্যরাও নিজ এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।
এর আগে ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় এমপিদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকবো। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকবো। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’
৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বড় সমাবেশ ও র্যালিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এ প্রসঙ্গে বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র্যালি করে থাকি তারপরেও বলবো চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে যে কোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’
নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। তাদের কর্মসূচির বিষয় ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।’
বিজ্ঞাপন
একই দিন রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকাতেও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নিয়মিত কর্মসূচি পালনের পাশাপাশি সন্দেহভাজন নাশকতাকারীদের শনাক্তের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিএনপির মিত্র দল ও জোটগুলোও নাশকতা এবং অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে। ১২ দলীয় জোট রোববার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে, জাতীয়তাবাদী সমমনা জোট সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে।
জোটটির সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সন্ত্রাস, জ্বালাও-পোড়াওর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’
বিজ্ঞাপন
এদিকে, গত বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ইতিমধ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ না ওঠে, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেছেন আইজিপি।








