Logo

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৫:২৫
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ শব্দ দুটির অর্থ এক নয়। কেউ বিদেশ থেকে নিজ দেশে ফিরে এলে সেটিকে প্রত্যাবর্তন বলা হয়। অন্যদিকে, অপরাধের অভিযোগ, মামলা কিংবা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোকে প্রত্যর্পণ বলা হয়।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় মামলা চলার পাশাপাশি কয়েকটিতে সাজা হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।

তার ভাষ্য, শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে দেশে ফেরানোর পরিবর্তে বিচারের মুখোমুখি করতে হবে। চলমান বিচারিক প্রক্রিয়ায় তাকে অংশ নিতে হবে এবং আদালতের দেওয়া দণ্ড ভোগ করতে হবে।

আলোচনা সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৭ নভেম্বরের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন রিজভী। তিনি বলেন, নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও নাগরিক ও জনগণের স্বাধীনতা নিশ্চিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভীর বক্তব্য অনুযায়ী, ৭ নভেম্বরের চেতনা ছিল বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কোনো বাইরের শক্তির নির্দেশে পরিচালিত না হওয়া। দেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, রাষ্ট্র সেভাবেই পরিচালিত হবে—এটাই ছিল ওই চেতনার মূল কথা।

জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, এরপর সামরিক আইন জারির মাধ্যমে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং কারও প্রভাবাধীন শাসন প্রত্যাখ্যান করাই ছিল সেই আন্দোলনের লক্ষ্য।

শেখ হাসিনার শাসনামল নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, ওই সময়ে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া এসব পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন।

বিজ্ঞাপন

মহিলা দলের নেতাকর্মীদের রাজনৈতিক অবদানের মূল্যায়নের আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি বাধা অতিক্রম করে মিছিল, গ্রেপ্তারের ঝুঁকি নেওয়া এবং নির্যাতনের শিকার হওয়ার মধ্য দিয়েও তারা আন্দোলন চালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতেও তারা রাজপথে সক্রিয় ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, নারীদের অবদান শুধু কারও স্ত্রী, বোন কিংবা ভাবি হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাদের নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও ভূমিকার স্বীকৃতি দিতে হবে। দীর্ঘদিনের আন্দোলনে মহিলা দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, মামলার মুখোমুখি হয়েছেন এবং অনেকে বাড়ি থেকে তুলে নেওয়ার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির বিষয়ে রিজভী বলেন, আধুনিক সমাজ গঠনে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন উল্লেখ করে তিনি নারীশিক্ষার প্রসার এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সাত জেলায় প্রশাসনের উদ্যোগে ১৩২টি বাল্যবিবাহ বন্ধের তথ্য তুলে ধরে রিজভী বলেন, নানা কৌশলে এখনো গোপনে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। এ প্রবণতা ঠেকাতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং পরিবার ও সমাজে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর কথা বলেন।

নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার বিষয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, সরকার বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ দেবে। এই ঋণ কাজে লাগিয়ে নারীরা হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। উৎপাদিত পণ্য বাজারজাত করে নিজেদের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD