যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা: ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন অবস্থান নিয়েছে ভারত। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই তাঁকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা চায় নয়াদিল্লি। পাশাপাশি জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার শর্তও দিয়েছে ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের পক্ষ থেকে দুটি প্রধান শর্ত সামনে আনা হয়েছে। প্রথমত, তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ জন্য সামরিক বিমান পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। বিকল্প হিসেবে বাংলাদেশের স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকেও সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।
দ্বিতীয় শর্ত হলো, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে নতুন করে একটি স্বচ্ছ ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার বিষয়েও আগ্রহী ভারত।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান করা নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে নয়াদিল্লি। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের জন্য বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে দণ্ডিত একজন সাবেক সরকারপ্রধানকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখেও পড়েছে দেশটি।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ভারতের নীতিনির্ধারকদের একটি অংশ শুরুতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ফলে বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাঁকে দেশে ফেরত পাঠানোই এখন নয়াদিল্লির কাছে বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ভারতের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনরায় সংগঠিত হওয়া কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
বিজ্ঞাপন
ভারতের প্রত্যাশা, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের পর্যবেক্ষণের মধ্যে সম্পন্ন হবে। একই সঙ্গে দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে বলে মনে করছে নয়াদিল্লি।
বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন করেছিল। তবে প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন আইনি বিষয় পর্যালোচনার কথা বলে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি আসামি হিসেবে বাংলাদেশের কোনো বিমানে শেখ হাসিনাকে তুলে দিতে অনাগ্রহী নয়াদিল্লি। ভারতের আশঙ্কা, এমন পদক্ষেপ নিলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
বিজ্ঞাপন
তবে গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি ওই আলোচনায় গুরুত্ব পেয়েছিল।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এর আগে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি প্রতি সপ্তাহেই দুই দেশের সেনাপ্রধানের মধ্যে কথা হয় বলেও তিনি উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবিসি বাংলার প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় সামরিক সূত্রের ইঙ্গিত, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক যোগাযোগকে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে। তাঁদের ধারণা, জ্বালানি সংকট এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
এ প্রসঙ্গে নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি ভারত জানে। তারপরও তাঁর ফেরার ঘোষণায় সম্মতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ওই কর্মকর্তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর প্রত্যাবর্তন সম্ভব না হলেও, ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।








